হীরক ভট্টাচার্যের কবিতা
উদ্ভাস
ভোর হোল কৌষেয় ।
আমি কোল বালিশের কোল খুঁজে
সরিয়ে নিলাম উত্তাপ দূরে
ফুসফুস ভরে তুলো আঁশ
উড়ছে , ভাসছে কষ্ট ।
কুয়াশায় বুনো কাঠবাদামের গাছটায়
গনেশ পাইন কাকে এঁকে গেল আবছা !
ডুব দিই পানকৌড়ির মতো টুপটুপ ;
ঐ অঙ্কুরে কেঁপে উঠবো ?
সাদা অরণ্য ছই নেড়ে যায় ছপ্ ছপ্
পুরোণো পুঁথিরা ঘুমে তর্জনী মোচড়ায়
কাকে রাখি ভেবে , আমি নির্বিষ গুনচট্
কুঁকড়ে ছিলাম একলা ।কেন দরজায় টুকরি সাজিয়ে
খুনী পাটক্ষেত , ছেঁড়া পত্রালি
ঘণ্টা দুলিয়ে দমকল রঙ সপ্তক্ ?
শোন উদ্ভাস
আর ভেসে উঠবো না ।
No comments:
Post a Comment