অন্যদ্রাঘিমা

অন্যদ্রাঘিমা
প্রচ্ছদ - অদীপ ঘোষ

Friday, 18 July 2014

অমিতাভ মৈত্রের কবিতা


 ভূত

 ঠিক একটা ভূতের মতো বেঁচে আছি 
সারাদিন কালো একটা শহর তার ধোঁয়া গলির ভিতর 
আমাকে ডাকে ।আমি ঘুরে বেড়াই একা একা একা 
কাঁধের ওপর ভারী হয়ে ওঠে কার হাত ,
মুুুুখ ফিরিয়ে দেখি এবং চিনতে পারিনা 
বুঝতে পারি আমার মতোই কেউ ।

বিকেলের দিকে অদ্ভুত একটা হাওয়া ওঠে শহরে 
আর ফাঁকা একটা মাঠে হাত পা ছড়িয়ে বসে থাকি আমরা 
বাতাসে উড়ে যায় টুকরো কাগজ , কুড়িয়ে নিই 
তারপর দুজনে গম্ভীর ভাবে খেয়ে ফেলি অক্ষর গুলিকে
সে আমাকে শেখায় কিভাবে হালকা ,ক্রমশঃ হালকা করে নিতে হয় নিজেকে 
বাতাসের মধ্যে কিভাবে একটানা ভেসে থাকতে হয় ।

সন্ধ্যে হলেই ভাসতে ভাসতে বাড়ি ফিরি 
ফেরার সময় নীল একটা মেঘ সঙ্গ দেয় আমাকে
হাসি পায় ,ভাবি বেশ মজা হবে যাহোক           
ভাবতে ভাবতে পৌঁছে যাই এক সময় ,দেখি 
নিচে অনেক নিচে ভেসে বেড়াচ্ছে আমদের ঘর 
ছোট্ট একটা খেলনা বাক্সের মতো ।

No comments:

Post a Comment