অন্যদ্রাঘিমা

অন্যদ্রাঘিমা
প্রচ্ছদ - অদীপ ঘোষ

Monday, 21 July 2014

মণীন্দ্র গুপ্তের কবিতা  

জটিল ফাল্গুন 

অলখ্যের নড়াচড়া টের পাও ,মেধাবিনী ? 
গর্ভে কি মুষল ,নাকি আলোরশ্মি ? 
রাত্রি নীহারিকার ঘূর্ণিতে পড়ে গিয়েছিলে মুগ্ধ পাঁচ মাস 
যেন মেরু-বোরিয়ালিসের বিশাল পর্দার পাশে মাত্র দুইজন

কিন্তু যা নিয়ে ফিরলে ,তার সংজ্ঞা জানো ?
শুধু স্মৃতি - যেন জলের তলায় ছুরি , বাকি যা তা অনির্বচনীয়

বিকেলের কলে জল পড়ে যায় ...
পাড়ার সানাই বকুলতলার দিক থেকে
ছায়া সঙ্গে করে আসে ,তোমার উঠোনে
অবসন্ন সূক্ষ - লেস ব্রেসিয়ার মরালের মতো সাদা
ভেসে আছে হাতের কাছেই , তবু গা ওঠে না ।
শুুধু ওক পাতা , ঝরনার জল খেয়ে যে ছিল একলা
তার ছবি বই দড়ির হ্যামক গুছোতে যাবে না আর এবছর টিলার বাড়ীতে
সে এখন শূন্য ঘরে ভেবে যাচ্ছে জন্ম হ্রাস করার প্রক্রিয়া -
জানলা দিয়ে অবলোকিতেশ্বরের আলো আসে ,
টেবিল , চেয়ার , বই ,অলেপ , নরম 
সে এবং জীবনের ভুল শ্যাম-যমজের মতো মারাত্বক যুক্ত ছিলো ,
আজ কর্ড ছিঁড়ে , টেবিলেতে , পরস্পর বিদায় নেবার আগে
মুখোমুখি বসে আছে তারা ।

             বিকেলে কলের জল পড়ে যাক -
             টক চেরী খেতে ইচ্ছে করে ?
             অন্য গন্ধে শরীরে বিষাদ উঠছে ভরে ।
             গর্ভের ফুলের কাছে সম্পূর্ণ অচেনা পাখী অন্ধকারে ডাকে
             পাখী ডাকে ।     

No comments:

Post a Comment