জমিল সৈয়দের কবিতা
দুঃসাহস
বৃষ্টির নিচু গাছ এসে ঠেকছে মাথায় ,
ঘন ঝোপ , দুড়দাড় করে ঝরছে দু'চারটে পাকা বীজ ,
দূরের পথ পাড়ি দিয়ে আসা পাখিদের চঞ্চু থেকে
গলগল করে বেরিয়ে আসছে সাদা ফেনা ,
প্রসারিত ডানার ঝাপটা লাগছে আমাদের শরীরে
শেষ হয়েছে বোর্ডিংয়ে গ্রীস্মাবকাশ ,স্কুলের বাঁশি
বাজতে শুনছি মাঝে মাঝে ।
কে জানে ঐ পিছ দরোজায় শুয়ে ডাকছে তক্ষক ,
ঠোঁটে হাওয়ার হু হু নিয়ে ঘুরছে , চুলখোলা রক্ষকুলমাতা ,
চোখের বিদ্যুৎ দিয়ে জানিয়ে দিচ্ছে কোথায় আছে কৃতজ্ঞতা
কোথায় নেই হারিয়ে যাওয়ার পলকা দুঃসাহস
এখনই মেঘভার বয়ে নিয়ে ফিরে যেতে হবে দোতলা বাড়ির দিকে ?
পায়ে পেঁচিয়ে ধরেছে সাপের কুণ্ডলী ;
রাঙা চাঁদে জন্য অপেক্ষা করা যাবে না মধ্য রাত পর্যন্ত ?
No comments:
Post a Comment