অন্যদ্রাঘিমা

অন্যদ্রাঘিমা
প্রচ্ছদ - অদীপ ঘোষ

Sunday, 20 July 2014

নারায়ণ ঘোষের কবিতা 


অবশেষ 

এইখানে অবশেষ পড়ে আছে তলানীর মতো
সবকিছু ভেঙে গেছে ছত্রখান , শব্দের বাগান আর ভয়হীন ভয় 
চোখের কার্নিশ চুঁইয়ে নেমে আসছে জল আর অন্ধকার ।
ঘর শূন্য । তার মধ্যে ঘুরছে মাকড়সা ।
জানালা বদ্ধতায় ঘূণ । কিন্তু দরজা খোলা ; যেন 
শূন্য আস্তাবল পড়ে আছে । যেন সব ঘোড়া 
ছিটকে গেছে প্রান্তরের দিকে । সেখানে মানুষ নেই ।
উজ্জ্বল বাগান নেই । 
সব শিলীভূত । 
শুধু রক্তমাখা জামা পড়ে আছে কিছু  ।
এইভাবে সন্ধ্যা গড়িয়ে নামে নক্ষত্রবিহীন রাত
এইভাবে প্রতিটি বাস গড়িয়ে নেমে যায় নয়ানজুলির জলে 
এইভাবে পড়ে থাকে অবশেষ , শূন্য ঘর , শূন্য বুক ,
                                  জন্মপত্র ,ঠিকানাবিহীন রেশন কার্ড আর 
                                                  কবিতার কয়েকটা লাইন   

চ্ছিন্ন পাতা উড়ে যায় ভালোবাসার মতোন ...

No comments:

Post a Comment